যৌথ পরিবারের সদস্য অকৃতদার রিটায়ার্ড স্কুলশিক্ষক অনন্ত নাগ নাতিনাতনিদের পড়ানোর পাশাপাশি নিয়মিত গল্পও শোনান তাদের। গল্পের মাধ্যমে ভারতবর্ষের অতীত গৌরবের কাহিনি শুনিয়ে ভারতবর্ষের ঐতিহ্যের প্রতি নাতিনাতনিদের আগ্রহ সৃষ্টি করা নিজের নৈতিক কর্তব্য বলেই মনে করেন তিনি। তাই তাঁর গল্পের বিষয় কখনও পুরাণ আবার কখনও ভারতবর্ষের গৌরবোজ্জ্বল অতীত। এইবার নাতিনাতনিদের বাংলার ‘বারো ভূঁইয়া’-দের কাহিনি বলেছেন তিনি–সোনারগাঁও-এর ঈশা খান ও তার পুত্র মুশা খান, যশোহরের প্রতাপাদিত্য, বিক্রমপুরের কেদার রায় ও চাঁদ রায়, বরিশালের কন্দর্পনারায়ণ রায়, ফরিদপুরের মুকুন্দ রাম রায়, নোয়াখালীর লক্ষ্মণ মাণিক্য, নাটোরের কংস নারায়ণ রায়, বাঁকুড়ার বীর হাম্বীর, ভাওয়ালের ফজলুল আলী, চন্দ্রপ্রতাপের চাঁদ গাজি, পুঠিয়ার পীতাম্বর রায়, দিনাজপুরের প্রমথ রায়, গাজীপুরের ফজল আলী, পিরোজপুরের কিঙ্কর সেন। অতীত ইতিহাসের সঙ্গেসঙ্গেই প্রায় বিলুপ্তির পথে বাঙালির যৌথ পরিবারের এক নিটোল ছবিও উঠে এসেছে কাহিনিতে। সেই পরিবার অনন্তবাবুর নিজের পরিবার যেখানে আনন্দ, ভালোবাসার পাশাপাশি মান অভিমানেরও এক চালচিত্রের আভাস ভেসে ওঠে নীরবে, রুদ্ধদ্বার কক্ষের অভ্যন্তরে। ভোজনরসিক বাঙালির ভোজনরসিকতার নিদর্শনও দেখা দিয়ে দোলা দিয়ে যায় মনে। অনন্ত নাগ গল্পের মধ্য দিয়ে এক অনন্তজীবনের সন্ধান দেন আমাদের।
If you are a BSPP, Login to your account and use the coupon code provided to get a huge discount
Click on our representative below to chat on WhatsApp or send us an email to cslfbooks@gmail.com